স্পোর্টস ডেস্ক : ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু উপলক্ষটা জয় দিয়ে রাঙিয়ে রাখতে পারেননি পর্তুগিজ তারকা। সিরি ‘আ’তে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আগেই শিরোপা নিশ্চিত করা জুভেন্টাস।
প্রতিপক্ষের মাঠে শনিবার ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রাদজা নাইনগোলান। মাতেও পলিতানোর ফ্লিকে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান বেলজিয়ান মিডফিল্ডার।
পিছিয়ে থেকেই বিরতিতে যাওয়া জুভেন্টাস সমতায় ফেরে ৬২ মিনিটে। সতীর্থ মিরালেম পিয়ানিকের ব্যাকহিল থেকে বল পেয়ে নিচু শটে জালে পাঠিয়ে ৬০০তম গোল পূর্ণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর ৬০০ গোলের ২৭টি জুভেন্টাসের জার্সিতে, স্পোর্টিং সিপির হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি ও রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫০ গোল। এ ছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়েও ৮৫ গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
রোনালদোর ৬০০ গোলের মাইলফলক ছোঁয়ার রাতে বার্সেলোনার হয়ে ৫৯৮তম গোল করেছেন বর্তমান সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসি।
এই ড্রয়ের পর দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ২১ পয়েন্ট এগিয়ে আছে গত ২০ এপ্রিল ফিওরেন্তিনাকে হারিয়ে শিরোপা জেতা জুভেন্টাস। ৩৪ ম্যাচে জুভেন্টাসের ৮৮ পয়েন্ট, এক ম্যাচ কম খেলা নাপোলির ৬৭ পয়েন্ট।

