স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় মোট ৪০ টি দলের বিপক্ষে মাঠে নামলেও তিনটি ক্লাবের বিপক্ষে কখনোই গোল পাননি লিওনেল মেসি। এ তিন ক্লাবের একটি হচ্ছে হুয়েস্কা। লিগে আজ এ দলটির বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তবে গত ম্যাচে পাওয়া হালকা চোটের কারণে আজ হুয়েস্কার বিপক্ষে বিশ্রামে রাখা হচ্ছে বার্সা শিবিরের সেরা তারকাকে।
চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের খেলতে নেমে স্বাগতিক ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের সঙ্গে সংঘর্ষে নাকে চোট পেয়েছিলেন মেসি। ম্যাচের পর লিগে হুয়েস্কার বিপক্ষে দলের তারকা খেলোয়াড়দের বিশ্রামে রাখার কথা জানিয়েছিলেন তিনি। এবার লিগে এ দলটির বিপক্ষে মাঠে নামার আগে দলের খেলোয়াড়দের ছন্দে থাকার কথা বলেছেন বার্সা কোচ।
‘শনিবারের (আজ) ম্যাচে দল পরিবর্তন আসতে পারে। ম্যাচের টানা সময়সূচি রয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমারা দশ পয়েন্টের কথাও ভুলে যেতে পারি না। আমাদের তিন ম্যাচে জয়ের সঙ্গে আরেকটিতে ড্র করতে হবে। পরিবর্তনের কারন হচ্ছে সবাইকে প্রতিযোগিতার মধ্যে রাখা। যে কেউ ঘুরে ফিরে দলে আসতে পারে।’
দলের সেরা তারকা মেসির খেলার সম্ভাবনা নিয়ে ভালভার্দে বলেন, ‘মেসি ঠিক আছেন। তবে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। আমাদের ম্যাচের সময়সূচি বস্তাবন্দি। আমি বলতে চাই, আমাদের তীব্র ম্যাচগুলো সামনে রয়েছে।’

