স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অস্ট্রেলিয়ার শেষ দুই ওয়ানডে সিরিজ দুর্দান্ত কেটেছে তার। সেই উসমান খাজাকে নিজের বেছে নেওয়া বিশ্বকাপ দলে রাখেননি অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন।
এ বছর খাজা ১৩ ওয়ানডেতে ৫৯.১৫ গড়ে রান করেছেন ৭৬৯। ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটিও করেন দুটি। এরপর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে করেন তিনটি ফিফটি। নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ার টপ অর্ডারে অন্যতম ভরসাও হয়ে উঠেছেন ৩২ বছর বয়সি ডানহাতি ব্যাটসম্যান।
শেষ দুই অস্ট্রেলিয়ান গ্রীষ্মেই অবশ্য খাজার সমালোচনা করেছিলেন ওয়ার্ন। মঙ্গলবার আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল বাছাই করে সেটা টুইটারে পোস্ট করেছেন দেশটির প্রাক্তন এই লেগ স্পিনার। তার সেই দলে জায়গা হয়নি খাজার। খাজাকে বাদ দেওয়ায় অনেকে টুইটারে ওয়ার্নের সমালোচনাও করছেন।
ওয়ার্ন একদম একাদশও দিয়ে দিয়েছেন। বল টেম্পারিংয়ের ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা থেকে কদিন আগে মুক্তি পাওয়া ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনার হিসেবে রেখেছেন ডি’আর্চি শর্টকে। বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ওপেনার পজিশন থেকে সরিয়ে রেখেছেন তিন নম্বরে।
খাজাকে পেছনে ফেলে ওয়ার্নের দলে জায়গা পাওয়া শর্ট অবশ্য অস্ট্রেলিয়ার শেষ ১৫ ওয়ানডের একটিও খেলেননি। তবে বাঁহাতি এই ব্যাটসম্যান বিগ ব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। হোবার্ট হারিকেনসের হয়ে তিনি ৫৩.৮ গড়ে ও ১৪০.৬১ স্ট্রাইক রেটে করেন ৬৩৭ রান।
টুইটারে দল পোস্ট করার আগে ওয়ার্ন লিখেছেন, ‘মনে রাখবেন ইংল্যান্ডের কন্ডিশন সাম্প্রতিক ভারত ও সংযুক্ত আরব আমিরাত সফরের মতো হবে না। নির্বাচকদের জন্য কাজটা তাই কঠিন, খেলোয়াড়দের ফর্ম বাদ পড়তে পারে।’
ওয়ার্ন তার দলে চার নম্বরে রেখেছেন ওয়ার্নারের সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথকে। মিডল অর্ডারে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। পেস আক্রমণে প্যাট কামিন্সের সঙ্গী মিচেল স্টার্ক ও ঝাই রিচার্ডসন (যদি ফিট থাকেন)। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে আছেন অ্যাডাম জামপা।
ওয়ার্নের ১৫ জনের দলের বাকি চার সদস্য হলেন- ব্যাটসম্যান শন মার্শ, দুই অফ স্পিনার নাথান লায়ন ও অ্যাশটন টার্নার এবং পেসার নাথান কোল্টার-নাইল।
ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী ২৩ এপ্রিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। সেই দলের সঙ্গে ওয়ার্নের দলের কতটা মিল থাকে, সেটিই এখন দেখার। ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান।
শেন ওয়ার্নের বিশ্বকাপের অস্ট্রেলিয়ার দল: (একাদশ) ডেভিড ওয়ার্নার, ডি’আর্চি শর্ট, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জামপা। (অতিরিক্ত) শন মার্শ, নাথান লায়ন, অ্যাশটন টার্নার, নাথান কোল্টার-নাইল।

