স্পোর্টস ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে এডেন হ্যাজার্ড যে গোলটা করলেন, সেটিকে এবারের প্রিমিয়ার লিগের সেরা গোল বললেও মনে হয় ভুল হবে না! বেলজিয়ান তারকার জোড়া গোলে ২-০ ব্যবধানের জয়ে টটেনহাম ও আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠেছে ‘ব্লুজ’রা।
ঘরের মাঠে হ্যাজার্ড অসাধারণ সেই গোলটা করেছেন ম্যাচের ২৪ মিনিটে। বেলজিয়ান ফরোয়ার্ড বলটা পেয়েছিলেন ওয়েস্টহামের গোলপোস্ট থেকে প্রায় ৩৫ গজ দূরে। সেখান থেকে বল নিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নিচু শটে জাল খুঁজে নেন।
দুই মিনিট পর গোল পেতে পারতেন চেলসির আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়াইনও। বক্সের ভেতর তাকে ক্রস বাড়িয়েছিলেন হ্যাজার্ড। তবে হিগুয়াইনের বাঁ পায়ের শট ফেরে পোস্টে লেগে।
৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি চেলসির জয় নিশ্চিত করে ফেলেন হ্যাজার্ড। রস বার্কলির ক্রস বক্সের ডান দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান ২৮ বছর বয়সি ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটি তার ১৬তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯তম গোল।
প্রিমিয়ার লিগে গোলের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন হ্যাজার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৬ ম্যাচে ৮৪ গোল করেছিলেন রোনালদো। ২৪০ ম্যাচে হ্যাজার্ডের গোল হলো ৮৫টি। তার সমান গোল করেছেন ফার্নান্দো তোরেসও, ২১২ ম্যাচে।
এই জয়ে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে চেলসি। চারে নেমে যাওয়া টটেনহামের পয়েন্ট ৬৪। পাঁচে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৬৩। এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

