স্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ছিল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে গতকাল শুরুতে গোল খেয়ে হারের শঙ্কায় ছিল তারা। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ সালাহ ও হেন্ডারসনদের গোলে জিতে টেবিলের চূড়ায় উঠেছে ইয়ুর্গেন ক্লুপের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এসটি. ম্যারি স্টেডিয়ামে গতকাল লিভারপুলকে আমন্ত্রণ জানায় সাউদাম্পটন। গত সেপ্টেম্বরে এই দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল লিভারপুল। এবারও তাদের মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে অলরেডসরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে গোল হজম করে বসে লিভারপুল। এ সময় স্বাগতিকদের হয়ে গোল পান শেন লং। রিপাবলিক অব আয়ারল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। তবে ম্যাচের ৩৬তম মিনিটেই সমতায় ফেরে লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রসে হেডে গোল করেন নাবি কেইতা।
সমতায় ফেরার পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে লিভারপুল। অবশেষে ৮০তম মিনিটে সাফল্য পায় তারা। প্রতি-আক্রমণে হেন্ডারসনের বাড়ানো বল দারুণ দক্ষতায় ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে সাউদাম্পটনের জালে পাঠান সালাহ। লিগে ছয় ম্যাচ পর জালের দেখা পেলেন মিশরের এই ফরোয়ার্ড।
ম্যাচের ৮৬ মিনিটে লিভারপুলের হয়ে শেষবারের মতো জালের দেখা পান হেন্ডারসন। প্রতি আক্রমণে রবার্তো ফিরমিনোর পাস পেয়ে দলের ব্যবধান ৩-১ করেন ইংলিশ এ মিডফিল্ডার।
লিগে এ জয়ের পর ৩৩ ম্যাচে ম্যানসিটিকে টপকে টেবিলের শীর্ষে ফেরা লিভারপুলের পয়েন্ট ৮২।এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। আর ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহাম হটস্পার।

