স্পোর্টস ডেস্ক : ফরাসি কাপে রেকর্ড বার বারের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। এবারও এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার দৌঁড়ে ফাইনালে পৌছেছে তারা। চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে নঁতকে হারিয়েছে টমাস টুখেলের শিষ্যরা।
বুধবার রাতে নিজেদের মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতে পিএসজি।দলটির হয়ে একটি করে গোল করেছেন মার্কো ভেরাত্তি, কিলিয়ান এমবাপে ও দানি আলভেজ। টানা পঞ্চমবারের মতো এ শিরোপা ধরে রাখার লড়াইয়ে মঙ্গলবার রেনের মুখোমুখি হবে পিএসজি।
চেনা মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকা পিএসজি ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায়। এসময় স্বাগতিকদের এগিয়ে দেন ভেরাত্তি। এমবাপের ছোট পাস ধরে দূরপাল্লার শটে নঁতের জালে বল পাঠান তিনি।
ম্যাচের ৬১তম মিনিটে থিয়াগো সিলভার হেড প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে লাগলে ভিএআর প্রযুক্তির সাহায্য স্পট কিক পায় পিএসজি। তবে এমবাপের সেই স্পট কিকের শট ফিরিয়ে দেয় সফরকারী দলের গোলরক্ষক। ম্যাচের ৭২ মিনিটে সিলভাকে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মালির ফরোয়ার্ড কুলিবালি। তাতে ১০ জনের দলে পরিনত হয় নঁত।
এরপর ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সের মধ্যে আলভেসকে কার্লোস ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভেরাত্তের পাস থেকে নঁতের জালে শেষ গোলটি করেন আলভেস।

