স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে দুর্নীতি দমানোর জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর সঙ্গে আলোচনা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুর্নীতির বিরুদ্ধে আইসিসির যে লড়াই সেখানে ইন্টারপোলকে পাশে পাবে সংস্থাটি।
আইসিসি দুর্নীতি দমন ইউনিটের মহা-ব্যবস্থাপক আলেক্স মার্শাল গেল সপ্তাহে ইন্টারপোলের সদর দপ্তর লিয়নে যান। সেখানে তিনি ইন্টারপোলের কর্মকর্তাদের সঙ্গে কিভাবে আরো কার্যকরভাবে ক্রিকেটের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় সে বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন। এই লড়াইয়ে ইন্টারপোলকে পাশে চান তিনি। ইন্টারপোলও আইসিসির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।
আলোচনা শেষে আলেক্স মার্শাল বলেন,‘আইসিসি ও ইন্টারপোল একসঙ্গে কাজ করতে আগ্রহী। গেল সপ্তাহে লিয়নে আমাদের বৈঠক বেশ ফলপ্রসু হয়েছে। বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে আইসিসির সম্পর্ক অনেক ভালো। কিন্তু ইন্টারপোলের সঙ্গে সংযুক্ত হওয়া মানে হচ্ছে আমরা ১৯৪টা দেশের সঙ্গেই যুক্ত।’
‘আমাদের ফোকাসে থাকবে খেলোয়াড়দের দুর্নীতিবিরোধী শিক্ষা দেওয়া, দুর্নীতি দমানো ও দুর্নীতির চক্র রুখে দেওয়া। যেখানে আমরা তদন্ত চালাই সেখানে কিছু না কিছু ফৌজদারি অপরাধ সংগঠিত হয়ে থাকে। এসব ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে রেফার করি। এক্ষেত্রে ইন্টারপোলও আমাদের সহযোগী হিসেবে কাজ করবে।’ যোগ করেন তিনি।
এ বিষয়ে ইন্টারপোলের ক্রিমিনাল নেটওয়ার্ক ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোসে ডি গ্রাসিয়া বলেন, ‘খেলাধুলা মানুষকে একত্রিত করে। একই সুঁতোয় বাঁধে। কিন্তু অপরাধীরা তাদের স্বার্থ হাসিল করতে গিয়ে খেলার সাধুতা ও গ্রহণযোগ্যতা নষ্ট করে। আইসিসির মতো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আলোচনা ও সহযোগিতা আশা করছি খেলাধুলার এই দুর্নীতি দমনে আরো ফলপ্রসু ও কার্যকরী হবে।’

