ঢাকাWednesday , 3 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো পাঁচ মাস মাঠের বাইরে আলিস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিষ্ঠুর সময়, আরো নিষ্ঠুর তার চোট। ক্যারিয়ারের ডালপালা এখনো মেলতে শুরু করেনি। হাঁটিহাঁটি পা পা করে এক-দু কদম চলা শুরু। কিন্তু তাতেই চোটের নিষ্ঠুরতা!
ক্যারিয়ারের শুরুতেই এমন এক চোটে পড়েছেন আলিস আল ইসলাম, যার জন্য আট মাস তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। গত বিপিএল চলাকালীন পায়ে চোট পান ডানহাতি এই অফ স্পিনার।
গত ১৮ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লং-অনে ফিল্ডিংয়ের সময় বল ফেরত পাঠাতে গিয়ে হাঁটুতে টান লাগলে মাটিতে লুটিয়ে পড়েন আলিস। পরে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ডেলিভারির আগেই আবারো হাঁটুতে টান লাগে তার। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে এক বলও করতে পারেননি। তাকে কাঁধে করে মাঠ থেকে নিয়ে যান হজরতউল্লাহ জাজাই ও মোহর শেখ। এক্স-রের পর খবর আসে, ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, অস্ত্রোপচার জরুরি।
এরপর দীর্ঘদিনের অপেক্ষা। গত ২৭ মার্চ তার পায়ে অস্ত্রোপচার করানো হয়। ভারতে অস্ত্রোপচার শেষে ৩১ মার্চ ফেরেন দেশে। অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি এ ক্রিকেটার, ‘ভালো লাগছে তো অবশ্যই। আপাতত এটাই স্বস্তি যে ডাক্তার আহামরি কোনো ত্রুটি পাননি।’
কিন্তু অস্ত্রোপচারের এ থাবায় হাঁটাচলাই নিষিদ্ধ আলিসের। ৪২ দিন তাকে শুয়ে থাকতে হবে বিছানায়। এরপর ধীরে ধীরে থেরাপি ও পুনর্বাসন শুরু। ওই সময়ে হালকা ব্যায়ামের অনুমতি মিলেছে। সেটাও ভারী কিছু দিয়ে নয়। ফিজিশিয়ানরা যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেভাবেই ব্যায়াম করতে হবে। তাই মাঠে ফেরার কোনো চিন্তাই করতে পারছেন না তিনি।
‘পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তো পাঁচ মাসের মতো লাগবে। শেষ তিন মাস তো শুয়ে-বসেই আছি। এখন আবার পাঁচমাস যোগ হলো। ইনজুরি তো যে কোনো সময় হতে পারে। সেটা ক্যারিয়ারের শুরুতে হোক বা শেষে হোক। ক্রিকেটের সবক্ষেত্রে সব জায়গায় ইতিবাচক থাকা ভালো। যেহেতু হয়ে গেছে, কী করার থাকতে পারে। এখন সুস্থ হয়ে যেন ভালোভাবে ফিরতে পারি, সেটাই মূল বিষয়’- বলেছেন আলিস।
অস্ত্রোপচারে আলিস পাশে পেয়েছেন তার বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসকে। বিপিএলে নিজের অভিষেক দিনেই হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করেছিলেন, তবে স্মরণীয় দিনে বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্নবিদ্ধ হন বিস্ময় বালক। এখনো তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। তাই পুরোপুরি ফিট হয়েই যে মাঠে ফিরতে পারবেন, তেমনটাও নয়। তাকে পরীক্ষা দিয়ে বৈধতার সার্টিফিকেট পেতে হবে।
চোট নিষ্ঠুরতায় আলিস ক্যারিয়ারের কঠিনতম সময় পার করছেন। বিপিএল দিয়ে মাঠ ছেড়েছিলেন। সুস্থ হয়ে ফিরতে ফিরতে আরেক বিপিএলের সময় এসে যাবে!