স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই কিংসের হয়ে আইপিএলে গতির ঝড় তোলার কথা ছিল ডেভিড উইলির। তবে পরিবারকে সময় দিতে পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। তাই চলতি আইপিএলে খেলা হচ্ছে না ইংলিশ এ পেসারের।
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন উইলি। নবাগত সন্তানের জন্য টুর্নামেন্টে যোগ দিতে দেরি হচ্ছে তার। তবে শেষ পর্যন্ত আইপিএলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্ত্রী ক্যারোলিন উইলির বর্তমান অবস্থায় তাকে ছেড়ে আইপিএলে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া বেশ কঠিন বলে মনে করছেন ২৯ বছর বয়সি এ ক্রিকেটার। ইংল্যান্ডের হেডিংলিতে সংবাদমাধ্যমে সে কথা জানিয়েছেন তিনি।
‘দুর্ভাগ্যবশত পারিবারিক দায়িত্বের কারণে আমি এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি বরাবরের মতোই আমার অবস্থা বুঝেছে। এছাড়া ইয়র্কশায়ারও সবসময়ের মতো আমার প্রতি সহমর্মিতা দেখিয়েছে।’
বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া লিগে খেলার জন্য বেশ আগ্রহী ছিলেন উইলি। তবে তার কাছে পরিবারই প্রথম। এমন সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল বলেও জানিয়েছেন তিনি।
‘এটা কখনোই সহজ সিদ্ধান্ত ছিল না। যাহোক এটা আমার পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত। দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আমার স্ত্রী। তাই এখন আমাকে ইংল্যান্ডেই থাকতে হবে।’

