ঢাকাSaturday , 30 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোড়া সেঞ্চুরির পরও পাকিস্তানের হার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন আবিদ আলী। তার সঙ্গে সেঞ্চুরি এসেছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। এমন জোড়া সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ ওয়ানডেতে হারের তিক্ত স্বাদ পেল পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল রাতে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক ইমাদ ওয়াসিম। আগে ব্যাট করে কোনো সেঞ্চুরি ছাড়াই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে জোড়া সেঞ্চুরির পরও ৮ উইকেটে ২৭১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস । চতুর্থ ওয়ানডেতে ৬ রানে হারের মধ্য দিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৪-০ ব্যবধানে হেরেছে ইমাদ ওয়াসিমের দল।
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৪২ বলে ৩৯ রানের আক্রমণাত্মক ইনিংসে দলকে ভালো শুরু এনে দেন ফিঞ্চ। তবে তার বিদায়ের পর শন মার্শ, পিটার হ্যান্ডসকম ও মার্কাস স্টয়নিস দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে তাদের আসা যাওয়ার মাঝে দারুণ ছন্দে থাকা উসমান খাজা তুলে নেন আরেকটি ফিফটি। ৭৮ বলে ৬ চারে ৬২ রান করা বাঁহাতি এই ওপেনার এলবিডব্লিউ করে বিদায় করেন ইয়াসির শাহ।
শেষদিকে অস্ট্রেলিয়াকে পথ দেখান গ্লেন ম্যাক্সওয়েল। ১৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুকছিল দলটি। ওই সময় অ্যালেক্স কেয়ারিকে সঙ্গে নিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন মারকুটে ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির আফসোস নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ঝুঁকিপূর্ণ দুই রান নেওয়ার চেষ্টায় তার রান আউটে ভাঙে ১৩৪ রানের চমৎকার জুটি। তিন ছক্কা ও নয় চারে ৮২ বলে ৯৮ রান করে ফিরেন ম্যাক্সওয়েল। তার সঙ্গে অ্যালেক্স কেয়ারির ৫৫ রানের কল্যাণে ২৭৭ রানে সংগ্রহ পায় অসিরা।
২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শূন্য রানে ফিরেন ওপেনার শান মাসুদ। থিতু হয়ে বিদায় নেন হারিস সোহেল। চাপে পড়ে যাওয়া দলটিকে টানেন অভিষিক্ত আবিদ ও রিজওয়ান। শুরুতে ধীর গতিতে ব্যাট করলেও পরে রানের গতি বাড়াতে থাকেন আবিদ। অভিষেকে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ওপেনার রিজওয়ানের সঙ্গে গড়েন ১৪৪ রানের জুটি।
১১৯ বলে ৯ চারে ১১২ রানের দায়িত্বশীল ইনিংস খেলা আবিদকে ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভাঙেন অ্যাডাম জ্যাম্পা।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে পৌঁছাতে হলে পাকিস্তানের দরকার ছিল ১৭ রান। কিন্তু ক্রিজে থাকা আরেক সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান সেটা করতে পারলেন না। শেষ ওভারের দ্বিতীয় বলে স্টোয়নিসকে উড়িয়ে মারতে গিয়ে হ্যান্ডসকম্বের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন। এর আগে অবশ্য ১০২ বল খেল ৯ চার আর ১ ছক্কায় ১০৪ রানের মারকুটে এক ইনিংস খেলেন। এরপর পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৭১ রানে।
অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান কোল্টার-নাইল ৩ উইকেট নেন ৫৩ রানে। মার্কাস স্টয়নিস ২০ রানে নেন ২ উইকেট। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া ম্যাক্সওয়েল আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।