স্পোর্টস ডেস্ক : ইতালির হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন। মইজে কিন উপলক্ষটা গোল দিয়ে স্মরণীয় করে রাখলেন। আবার সেই গোলটি ঢুকে গেল ইতিহাসে।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালির জার্সিতে অভিষেক হয়েছিল কিনের। ইতালির ১-০ গোলে জয়ের ম্যাচের শেষ ২৮ মিনিট খেলেছিলেন জুভেন্টাসের তরুণ এই স্ট্রাইকার।
শনিবার ২০২০ ইউরো বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে কিনকে শুরুর একাদশে রাখেন ইতালি কোচ রবার্তো মানচিনি। কোচের আস্থার প্রতিদান বেশ ভালোমতোই দিয়েছেন কিন।
দাসিয়া অ্যারেনায় ম্যাচের সপ্তম মিনিটে ইতালিকে এগিয়ে দিয়েছিলেন নিকোলো বারেল্লা। আর ৭৪ মিনিটে গোল করে ইতালির ২-০ গোলের জয় নিশ্চিত করেন কিন।
১৯ বছর ২৩ দিন বয়সে গোল করে ইতালির ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গোলদাতা হয়ে গেছেন কিন। তার চেয়ে কম বয়সে ইতালির জার্সিতে গোল করেছিলেন শুধু ব্রুনো নিকোল (১৮ বছর ২৫৮ দিন)।
ব্রুনো কীর্তিটা গড়েছিলেন সেই ১৯৫৮ সালে। অর্থাৎ গত ৬০ বছরেরও বেশি সময়ে ইতালির সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন কিন। জুভেন্টাস স্ট্রাইকার এমন কীর্তি গড়লেন নিজের দ্বিতীয় ম্যাচেই।

