স্পোর্টস ডেস্ক : বাছাইপর্বের গন্ডি পার হতে না পারায় রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি ইতালি। তবে সেই ধাক্কা সামলে এবার ঘুরে দাড়াচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরো ২০২০ এর বাছাইপর্বের শুরুতে ফিনল্যান্ডকে হারিয়েছে আজ্জুরিরা।
‘জে’ গ্রুপের ম্যাচে উদিনেজের দাসিয়া অ্যারেনায় রোববার ফিনল্যান্ডের মুখোমুখি হয় ইতালি। ওই ম্যাচে দলের দুই তরুণ ফুটবলারের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। ইতালির হয়ে একটি করে গোল পেয়েছেন নিকোলো বারেল্লা ও মোইজে কিন।
চেনা মাঠে শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকা ইতালি ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পায়। মার্কো ফেরাত্তির ফ্রি-কিক থেকে বারেল্লা ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে সফরকারীদের গোলপোস্টে পাঠান। জাতীয় দলের হয়ে পঞ্চম ম্যাচ খেলতে নেমে প্রথম গোলের দেখা পেলেন ২২ বছর বয়সী তারকা। বিরতির আগে দু’দল বেশ কিছু গোলের সুযোগ পেলেও আর জালের দেখা পায়নি।
বিরতির পর মাঠে নেমে ফিনল্যান্ডের রক্ষণে প্রবল চাপ তৈরি করে স্বাগতিকরা। বেশ কয়েকবার আক্রমণ ছড়ান ইম্মোবিলে, জর্জিনিয়োরা। এরপর ম্যাচের ৭৫তম মিনিটে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে ব্যবধান দ্বিগুণ করেন কিন। ইম্মোবিলের পাস থেকে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন তিনি। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচেই গোল পেলেন জুভেন্টাস তারকা কিন। বাকি ম্যাচে আর কেউ গোল না পেলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ইতালি।

