স্পোর্টস ডেস্ক : আবারো সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাহরিয়ার নাফীস। নাফীস-ঈশিতা তাসমিন দম্পতির এটি দ্বিতীয় সন্তান।
নাফীস ও তার কন্যা শিশুর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মেয়েকে কোলে নিয়ে বাবা শাহরিয়ার নাফীসকে দেখা যায়। বাবা হওয়ার কথা জানিয়ে নাফীস বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার পরিপূর্ণ হলো। আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।’
তাদের ঘরে ৯ বছরের একটি পুত্রসন্তান করয়েছে। তার নাম শাহওয়ার আলী নাফীস। মা এবং মেয়ে দু’জনই সুস্থ আছেন।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। ২০১৩ সালে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিতই ব্যাটে রান পাচ্ছেন ৩৩ বছর বয়সি এ তারকা।

