স্পোর্টস ডেস্ক : নতুন চ্যাম্পিয়ন পেয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফাইনালে পেশোয়ার জালমিকে উড়িয়ে দিয়ে চতুর্থ আসরের শিরোপা জিতেছে কোয়েটা গ্লাডিয়েটর্স।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচটি কোয়েটা জিতেছে ৮ উইকেটে। ১৩৯ রানের মাঝারি লক্ষ্য কোয়েটা পেরিয়ে যায় ১৩ বল বাকি থাকতেই।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই ইমাম-উল-হকের উইকেট হারায় শেষ দুই আসরের চ্যাম্পিয়ন পেশোয়ার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় তাদের সংগ্রহটাও বড় হয়নি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পারে ১৩৮ রান।
সর্বোচ্চ ৩৮ রান আসে উমর আমিনের ব্যাট থেকে। তার ৩৩ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন কামরান আকমল।
পেশোয়ারকে দেড় শর নিচে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ হাসনাইন। কোয়েটার ১৮ বছর বয়সি এই পেসার ৪ ওভারে ৩০ রানে নেন ৩ উইকেট। ২৪ রানে ২ উইকেট নেন ডোয়াইন ব্রাভো।
লক্ষ্য তাড়ায় দলীয় ১৯ রানে রান আউটে কাটা পড়েছিলেন শেন ওয়াটসন। তবে আরেক ওপেনার আহমেদ শেহজাদ এহসান আলীর সঙ্গে ৪৭ ও রাইলি রুশোর সঙ্গে অবিচ্ছিন্ন ৭৩ রানের দুটি জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৫১ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৮ রানে অপরাজিত ছিলেন শেহজাদ। ৩২ বলে ৫ চারে ৩৯ রানে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রুশো।
ম্যাচ-সেরা হয়েছেন হাসনাইন। আর টুর্নামেন্ট-সেরার পুরস্কার পেয়েছেন ওয়াটসন। ১২ ম্যাচে সর্বোচ্চ ৪৩০ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানও হয়েছেন প্রাক্তন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
পিএসএলের প্রথম দুই আসরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল কোয়েটাকে। চতুর্থ আসরে এসে শিরোপা স্বপ্ন পূর্ণ হলো দলটির।

