স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে স্কোরলাইন গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে তিন গোল। তিনটিই রাহিম স্টার্লিংয়ের।ইংলিশ মিডফিল্ডারের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ম্যাচের শুরু থেকেই বেশিরভাগ সময় বলের দখল রেখেছিল সিটি। সুযোগও তৈরি করেছিল। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
বিরতির পর ৪৬ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন স্টার্লিং। তবে গোলটা ছিল বিতর্কিত। সার্জিও আগুয়েরোর বাড়ানো বল জালে পাঠান স্টার্লিং। গোল হওয়ার আগেই লাইন্সম্যান অফ সাইডের পতাকা তুলেছিলেন। পরে লাইন্সম্যানের সঙ্গে আলোচনা শেষে গোলের সিদ্ধান্তই দেন রেফারি।
চার মিনিট পর দ্বিতীয় গোলে কোনো বিতর্ক ছিল না। রিয়াদ মাহরেজের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্টার্লিং। ইংলিশ মিডফিল্ডার ৫৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক, স্কোরলাইন হয়ে যায় ৩-০। ডেভিড সিলভার পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলটা করেন স্টার্লিং।
৬৬ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে একটি গোল শোধ করেন জেরার্ড ডেলফু। বদলি হিসেবে মাঠে নামার ১৭ সেকেন্ডেই গোলটা করেন তিনি। তবে সিটির জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি।
এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধানটা ৪-এ নিয়ে গেল ম্যানচেস্টার সিটি। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
দিনের আরেক ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে এগিয়ে গিয়েও ২-১ গোলে হারা টটেনহাম ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

