ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানের দারুণ জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এক শর আগেই পড়েছিল অর্ধেকের বেশি উইকেট। আসগর আফগান, মোহাম্মদ নবী ও রশিদ খানের তিনটি ফিফটি এনে দিল লড়াকু পুঁজি। বাকি কাজটা সারলেন বোলাররা।তাতে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেল আফগানিস্তান।
দেরাদুনে শুক্রবার চতুর্থ ওয়ানডে ১০৯ রানে জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২২৩ রান করেছিল আফগানরা। জবাবে ৩৫ ওভার তিন বলে ১১৪ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও নুর আলী জাদরানের উইকেট হারায় আফগানিস্তান। একটা পর্যায়ে ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা।
সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক আসগর, নবী আর রশিদ। দলীয় ১৩১ রানে ৭০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করে আসগর কাটা পড়েন রান আউটে। অষ্টম উইকেটে ৮৫ রানের দারুণ এক জুটিতে দলের স্কোর দুই শ পার করেন নবী ও রশিদ। অবশ্য ৬ রানে শেষ ৩ উইকেট হারায় তারা।
৮৫ বলে ৬ চারে সর্বোচ্চ ৬৪ রান করেন নবী। ৫৮ বলে ৬ চার ও এক ছক্কায় ৫২ রান করেন রশিদ। ১০ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সেরা বোলার ক্যামেরন ডাও। ডকরেল ও রানকিন নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু বিনা উইকেটে ৩১ থেকে আইরিশদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৩৩! উইলিয়াম পোর্টারফিল্ডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন আফতাব আলম। একই ওভারে তিন বলের মধ্যে পল স্টার্লিং ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বালবির্নিকে ফেরান মুজিব উর রহমান।
সে ধাক্কা আর সামলে উঠতে পারেনি আয়ারল্যান্ড। ৩২ রানের মধ্যে তারা হারায় শেষ ৬ উইকেট। সর্বোচ্চ ২৬ রান আসে কেভিন ও’ব্রায়ানের ব্যাট থেকে।
২৫ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার আফতাব। দুই স্পিনার মুজিব ও রশিদ নেন ২টি করে উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জেতেন রশিদ।
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। রোববার একই মাঠে হবে শেষ ম্যাচ।