ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক লাফে পাঁচ কোটিতে পন্ত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ঋষভ পন্ত। ২০১৮-১৯ মৌসুমের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটসম্যান। ‘এ’ গ্রেডে তার বার্ষিক বেতন ৫ কোটি রুপি।
২০১৭-১৮ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির ২৬ জনের তালিকায় পন্ত ছিলেন না। গত বছরের শেষ দিকে ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয় তার। তৃতীয় টেস্টেই করেন সেঞ্চুরি। এ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে খেলেন ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস। অ্যাডিলেডে প্রথম টেস্টে নেন ১১ ক্যাচ, যেটি কোনো টেস্টে ভারতীয় উইকেটকিপারের সর্বোচ্চ। ২১ বছর বয়সি পন্ত সীমিত ওভারের ক্রিকেটেও ভালো পারফরম্যান্সে এখন বিশ্বকাপ দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন।
বৃহস্পতিবার ঘোষণা করা নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস গ্রেডে আছেন তিনজন- বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। তাদের বার্ষিক বেতন ৭ কোটি রুপি। তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য গত বছর এই গ্রেড চালু করা হয়। গত বছর এই গ্রেডে ছিলেন পাঁচজন। সেখান থেকে ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ান এবার নেমে গেছেন ‘এ’ গ্রেডে।
‘এ’ গ্রেডে পন্তসহ আছেন মোট ১১ জন। গতবার যা ছিল ৭ জন। এবার ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নিত হয়েছেন তিনজন- দুই পেসার ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রিস্ট স্পিনার কুলদীপ যাদব। মহেন্দ্র সিং ধোনি, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এই গ্রেডে জায়গা ধরে রেখেছেন। তাদের প্রত্যেকের বেতন ৫ কোটি রুপি।
চোটের কারণে ২০১৮ সালের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল ঋদ্ধিমান সাহাকে। এই উইকেটকিপার ব্যাটসম্যান চোট কাটিয়ে ফিরেছেন কয়েক সপ্তাহ হলো। ‘এ’ গ্রেড থেকে তিনি নেমে গেছেন ‘সি’ গ্রেডে। ১ কোটি রুপির ‘সি’ গ্রেডে প্রথমবারের মতো এসেছেন তিনজন- আম্বাতি রাইডু, হনুমা বিহারী ও খলিল আহমেদ। এই গ্রেড থেকে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব।
ওপেনার মুরালি বিজয় গত বছর ছিলেন ‘এ’ গ্রেডে। এবার তিনি তালিকাতেই জায়গা পাননি। সব মিলিয়ে গতবারের ২৬ জনের তালিকা এবার নেমে এসেছে ২৫ জনে।
একটি টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের কারণে নিষিদ্ধ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। এই দুজন ‘বি’ গ্রেডে টিকে গেছেন। যেখানে তাদের সঙ্গী যুজবেন্দ্র চাহাল ও উমেশ যাদব। যাদের বেতন ৩ কোটি রুপি।
কেন্দ্রীয় চুক্তির চূড়ান্ত তালিকা তৈরি করেছেন এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল। গত বছর ধারাবাহিক পারফরম্যান্স করা খেলোয়াড়দের পুরস্কার দিয়েছেন নির্বাচকরা। নতুন চুক্তির মেয়াদ ২০১৮ সালের ১ অক্টোবর থেকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।