স্পোর্টস ডেস্ক : টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছিলেন জিনেদিন জিদান। গত গ্রীষ্মে টানা তৃতীয় শিরোপা জয়ের পাঁচ দিন পর লস ব্লাঙ্কোসদের বিদায় বলেছিলেন তিনি। সম্প্রতি রিয়ালের দুঃসময়ে তাকে আবারো কোচ হিসেবে পেতে আলোচনা চলছে। তবে এখনই সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে জিদান রাজি নন বলে জানিয়েছেন রিয়ালের প্রাক্তন সভাপতি র্যামন কালদেরন।
সম্প্রতি ইতিহাসের অন্যতম বাজে সময় অতিক্রম করছে রিয়াল মাদ্রিদ। এক সপ্তাহের ব্যবধানে তাদের তিন শিরোপা স্বপ্নভঙ্গ হওয়ার ধাক্কা সইতে হয়েছে। তিন দিনের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে দুইবার হারে দলটি। সর্বশেষ আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে। এমন দুঃসময়ে নির্ভরযোগ্য কোচ জিদানকে চাইছে দলটি। তবে মৌসুমের মাঝপথে দায়িত্ব নিতে নাকি আগ্রহী নন জিদান। বরং চলতি মৌসুম শেষে একেবারে নতুন করে শুরু করার আগ্রহ দেখিয়েছেন এই ফরাসি কিংবদন্তি।
মৌসুমের মাঝপথে জিদানের অনাগ্রহ নিয়ে বিবিসি রেডিও ৫ কে ক্যালদেরন বলেন, ‘আমি জানি, সকালে ক্লাব সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) জিদানকে ফোন দিয়েছিলেন। তিনি এখন আসতে চাইছেন না। তবে জুনে আসার সম্ভাবনার কথা বলেছেন।’
রিয়ালে ফিরলেও কিছু শর্ত হয়তো যোগ করবেন জিদান। রোনালদোর বিদায়ে যে বিপদ হয়েছিল, এবার তেমন কিছু যেন না হয়, সেটাও নিশ্চিত করতে চাইবেন তিনি। বিশেষ করে দলবদলের সিদ্ধান্ত নিজের হাতে রাখার শর্ত চাইতে পারেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ ফুটবলার।
কোচ হিসেবে শুধু জিদান নন, রিয়ালের চোখ পড়েছে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের দিকেও। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থাকা ‘অলরেডস’দের কোচকে নাকি গ্রীষ্মেই আনতে চায় রিয়াল, ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট সেটাই দাবি করছে। এছাড়া টটেহামের কোচ মাউরিসিও পচেত্তিনোর দিকেও নাকি নজর রয়েছে মাদ্রিদের সেরা ক্লাবটির।

