স্পোর্টস ডেস্ক : পরের মৌসুমের জন্য ড্যারেন লেম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিট। কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে পদত্যাগের এক বছরেরও কম সময়ে তিনি নতুন চাকরি পেলেন।
বিগ ব্যাশের গত মৌসুম শেষে ব্রিসবেন হিটের দায়িত্ব ছাড়েন ড্যানিয়েল ভেট্টোরি। এরপর থেকেই প্রধান কোচের পদে ব্রিসবেনের প্রথম পছন্দ ছিলেন লেম্যান। বৃহস্পতিবার বিশ্বকাপজয়ী প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে ঘটনায় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ হওয়ার পর পদত্যাগ করেন লেম্যান। এরপর থেকে তিনি কোনো দলকে কোচিং করাননি। টেম্পারিংয়ে ঘটনায় তার সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত কমিটি।
আগামী সপ্তাহে নতুন চাকরিতে যোগ দেবেন লেম্যান। এর আগে বিগ ব্যাশের প্রথম দুই মৌসুমেও তিনি ব্রিসবেনের কোচ ছিলেন। এর মধ্যে ২০১২-১৩ মৌসুমে জিতিয়েছিলেন শিরোপাও।
ব্রিসবেন হিটের মহাব্যবস্থাপক অ্যান্ড্রু ম্যাকশিয়া বলেছেন, ‘প্রতিভাবান খেলোয়াড়দের ম্যানেজার ও কোচ হিসেবে ড্যারেনের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আশা করি বিগ ব্যাশের পরের মৌসুমে সেটা কাজে লাগিয়ে তিনি ভক্তদের আনন্দে মাতাবেন।’
আবারো ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন লেম্যান, ‘বিগ ব্যাশের শুরুতে ব্রিসবেন হিটের সঙ্গে দারুণ অভিজ্ঞতা ছিল আমার। তাদের সঙ্গে কাজ করতে এবং চমৎকার খেলায় সহায়তা করতে মুখিয়ে আছি আমি।’

