স্পোর্টস ডেস্ক : কব্জি ও পাঁজরের ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলা হয়নি মুশফিকুর রহিমের। আশা করা হচ্ছিল দ্বিতীয় টেস্টে তাকে দলে পাওয়া যাবে। কিন্তু তার ব্যাথা না কমায় দ্বিতীয় টেস্টে না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আজ বুধবার নেটে ব্যাটিং অনুশীলন করতে নামেন মুশফিক। তাকে টেনিস বল, রাবার বল ও ক্রিকেট বল দিয়ে ব্যাটিং অনুশীলন করানো হয়। টেনিস ও রাবার বলে খুব একটা সমস্যা না হলেও ক্রিকেট বল দিয়ে ব্যাটিং করার সময় এখনো কব্জিতে ব্যাথা অনুভব করছেন। সে কারণে কোচ স্টিভ রোডস মনে করছেন দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
রোডস বলেছেন, ‘আজ মুশফিককে নেটে নেওয়া হয়েছিল। আমরা টেনিস, রাবার ও ক্রিকেট বল দিয়ে কিছু কাজ করেছি। যখন আমরা ক্রিকেট বল দিয়ে তাকে ব্যাটিং করতে বলেছি তখন সে কিছুটা ব্যাথা অনুভব করেছে লিগামেন্ট এরিয়ায়। দ্বিতীয় টেস্টের জন্য তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ভালো খবর হচ্ছে সে তৃতীয় টেস্টের বিবেচনায় আছে। আশা করছি সেই পর্যন্ত সবকিছু ভালোভাবেই আগাবে।’
প্রথম টেস্টের পর তামিম ইকবাল কিছুটা ব্যথা অনুভব করলেও আজ বুধবার তিনি অনুশীলন করেছেন। দ্বিতীয় টেস্টে খেলতে তার কোনো সমস্যা নেই, ‘তামিম আজ হালকা অনুশীলন করেছে। তাকে দিয়ে কিছুটা কাজ করিয়েছি। সামান্য ব্যথা আছে। তবে সে ভালো শেইপে আছে। প্রথম টেস্টে সে অনেকক্ষণ ব্যাটিং করেছে। দুই শতাধিক রান করেছে ওই ম্যাচে। তবে সে ঠিক আছে।’
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা থেকে ওয়েলিংটনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি। প্রথম টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৫২ রানে হার মেনেছে।

