বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার পরিচালক সাখাওয়াত মানিক। নারী দিবস উপলক্ষে তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘উপলদ্ধি’। মেজবাউদ্দিন সুমন রচিত এ নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, হৃদয়, চিত্রলেখা গুহ, শ্রাবন্তী শবনমসহ অনেকে।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, একদিন সন্ধ্যায় জোস্না বেগম টেলিভিশন দেখছিলেন। হঠাৎ টিভি স্ক্রলে দেখতে পান-মগবাজার মোড়ের রেলক্রসিংয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। একটু পর জানতে পারেন গৃহবধূর পরনে লাল রঙের শাড়ি ছিল। দাম্পত্য কলহের জের ধরে আত্মহত্যা করেছে সে। এসব তথ্য জানার পর নড়েচড়ে বসেন জোস্না। নিজের পুত্রবধূর কথা তার মনে পড়ে যায়। কিন্তু হঠাৎ কেন পুত্রবধূর কথা মনে পড়ে? আর তা জানতে নাটকটি দেখার আহ্বান জানান এই নির্মাতা।
নাটক প্রসঙ্গে সাখাওয়াত মানিক বলেন, ‘‘উপলব্ধি’ নাটকে সমাজে বর্তমান সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে কিছু শিক্ষনীয় বার্তা রয়েছে। যা দেখে মানুষ উপলদ্ধি করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন বলেই আমার ধারণা।’’
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ৮ মার্চ রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই পরিচালক।

