বিনোদন ডেস্ক : ‘বিবাহবিচ্ছেদের সময়টাতে আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তবে এ সময় কাজ বন্ধ রেখেছিলাম তা কিন্তু নয়। এ সিদ্ধান্ত নেওয়ার সময়ও স্বাভাবিকভাবেই কাজ করেছি। তারপরও একটা চাপ ছিল। কিন্তু এখন তা পুরোপুরি কাটিয়ে উঠেছি। কাজের দিকেই এখন সম্পূর্ণ মনোযোগ দিয়েছি।’ কথাগুলো বলেন লাক্স তারকা-অভিনেত্রী ইশরাত জাহান চৈতি।
২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাওন রয়কে। গত বছরের ৮ নভেম্বর শাওনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় এই অভিনেত্রীর। সংসার নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত এখনো নেননি তিনি। বর্তমানে পরিবার ও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এ প্রসঙ্গে চৈতি বলেন, ‘আম্মু মারা গেছেন প্রায় দেড় বছর হয়ে গেছে। আব্বুর শরীরটাও তেমন ভালো না। আব্বুর কিডনিতে সমস্যা। এখন ডায়ালাইসিস করাতে হবে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। এ বিষয়টি নিয়ে একটু চিন্তিত। আশা করি, সুস্থ হয়ে উঠবেন। আব্বুর জন্য সবাই দোয়া করবেন।’
এখন নাটক-টেলিফিল্মের কাজ বেছে বেছে করছেন তিনি। কাজ প্রসঙ্গে চৈতি বলেন, ‘ক্যারিয়ারের ১১ বছর পার করছি। শুরু থেকেই একটু দেখে কাজ করার চেষ্টা করেছি। এখন বিষয়টি আরো ফিল্টার করছি। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো প্রোডাকশন দেখে কাজ করার চেষ্টা করছি। কাজ কম হোক কিন্তু কাজের মান যেন ভালো হয়। আগের মতো আটটা দশটা সিরিয়ালও একসঙ্গে করতে চাচ্ছি না। প্রয়োজনে মাসে একটি কাজ করব, তাও বেছে বেছে কাজ করতে চাই। চিত্রনাট্যে একটু এদিক-ওদিক মনে হলেও তা ফিরিয়ে দিচ্ছি।’
চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন চৈতী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো-শাজাহান চৌধুরী পরিচালিত ‘মধুমতি’, শাহাদাত হোসেন লিটনের ‘লাভলী’ ও শাহীন মাহমুদের ‘বয়ফ্রেন্ড ভার্সেস গার্লফ্রেন্ড’। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মন দেব মন নেব’। এটি পরিচালনা করেছেন রবিন খান। এ চলচ্চিত্র প্রসঙ্গে চৈতি বলেন, ‘এটি মুক্তির প্রক্রিয়া চলছে বলে শুনেছি। তবে এখনো আমি নিশ্চিত নই।’
চৈতি অভিনীত ধারাবাহিক নাটক ‘খোলোয়াড়’। মাসুদ সেজান পরিচালিত নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হচ্ছে।

