নিজস্ব প্রতিবেদক : শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সোমবার এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়।
নোটিশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে উপস্থিতির বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে।
কোনো অবস্থাতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না বলেও জানানো হয়েছে নোটিশে।
সরকারি হাইস্কুল ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকদের অধিকাংশই সময়মতো ও নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিদপ্তর এমন নোটিশ জারি করেছে বলে জানা গেছে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক ও কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কয়েকটি স্কুলে হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষকদের পাননি।

