স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই সেঞ্চুরির পথে তিনি অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড গড়েছেন।
নাগপুরে আজ শুরুতেই রোহিত শর্মার বিদায়ের পর দ্বিতীয় ওভারে ব্যাট হাতে নামতে হয়েছিল কোহলিকে। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে রেখে রান করে গেছেন কোহলি। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ১২০ বলে ১০ চারে করেছেন ১১৬ রান।
মাত্র ষষ্ঠ অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান করলেন কোহলি। ভারতের হয়ে তার আগে এই কীর্তি গড়েছেন শুধু মহেন্দ্র সিং ধোনি। মাইলফলক ছুঁতে কোহলির লেগেছে ১৫৯ ইনিংস। তার আগে আর কেউ অধিনায়ক হিসেবে দুই শর কম ইনিংসে ৯ হাজার রান করতে পারেননি।
প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের ২০৪ ইনিংস ছিল আগের রেকর্ড। ২২০ ইনিংস লেগেছিল প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথের। এ ছাড়া ধোনির ২৫৩ ইনিংস, অ্যালান বোর্ডারের ২৫৭ ইনিংস ও স্টিফেন ফ্লেমিংয়ের লেগেছিল ২৭৩ ইনিংস।
এর আগে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৪ হাজার (৭৩ ইনিংস), ৫ হাজার (৯৩ ইনিংস), ৬ হাজার (১০৬ ইনিংস), ৭ হাজার (১২৪ ইনিংস), ৮ হাজার (১৩৭ ইনিংস) রানের রেকর্ডও গড়েন কোহলি।
আজ তিনি পেয়ে গেছেন ক্যারিয়ারের ৪০তম ওয়ানডে সেঞ্চুরি। কোহলি যেভাবে সেঞ্চুরি করে চলেছেন, তাতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙাটা তার জন্য স্রেফ সময়ের ব্যাপার মাত্র!

