ঢাকাTuesday , 5 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো সময় প্রয়োজন সাকিবের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবি নির্দিষ্ট করে বলেনি সাকিব আল হাসান ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন। তবে স্টেডিয়াম পাড়ায় গুঞ্জন, নিউজিল্যান্ডে তৃতীয় টেস্টে খেলবেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একইরকম ইঙ্গিত দিয়েছেন। অন্তত এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে, সাকিব দ্বিতীয় টেস্টে খেলবেন না। তার ফিরতে আরো সময় প্রয়োজন।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ফাইনালে সোমবার মিরপুরে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। চ্যাম্পিয়ন শেখ জামালের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর বোর্ড প্রধান সাকিবকে নিয়ে বলেছেন,‘ সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, সে দ্বিতীয় টেস্টেই খেলতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার (ওয়েলিংটনে) দ্বিতীয় টেস্টে ফেরা সম্ভব নয়।’
‘গতকাল (রোববার) ওর এক্স-রে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে কিছু ত্রুটি ধরা পড়েছে। আরো এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ওই সময়ের পর ফিজিওরা ছাড়পত্র দিলে ও অবস্থা ভালো থাকলে সে তৃতীয় টেস্ট খেলবে’- যোগ করেন নাজমুল হাসান।
বিপিএলের ফাইনালে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। প্রাথমিকভাবে তাকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ঘুরে সাকিব ঢাকায় ফিরেছেন শনিবার। রোববার মিরপুরে এক্স-রে করিয়েছেন। রিপোর্টে ভালো কিছু না পাওয়ায় সাকিবকে আরো এক সপ্তাহ বিশ্রাম দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
যে কারণে ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টেও খেলা হচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়কের। তবে ক্রাইস্টচার্চে শেষ টেস্টে সাকিব ফিরবেন, তা মোটামুটি নিশ্চিত। এক সপ্তাহ বিশ্রামের পর হালকা অনুশীলন শুরু করবেন সাকিব। এর আগেই শুরু করবেন জিম সেশন, ফিটনেস ট্রেনিং। হাতে জোর পাওয়ার পরপরই স্কিল অনুশীলনে মনোযোগ দেবেন সাকিব।
বিশ্বকাপের আগে সাকিবকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নে বোর্ড প্রধান সরাসরি উত্তর দিয়েছেন এভাবে,‘সাকিবকে আগে সুস্থ হতে হবে। যদি সুস্থ হয় তাহলে তো খেলবেই।’
নিউজিল্যান্ড সফর ভালো কাটছে না বাংলাদেশের। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজ শুরু হয়েছে ইনিংস ও ৫২ রানের হার দিয়ে। বিরুদ্ধ কন্ডিশনে সাকিবকে না পেয়ে বাংলাদেশ যে ব্যাকফুটে, তা বলার অপেক্ষা রাখে না।