স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে যেন নির্ভার হয়ে খেলতে পারেন, সেজন্য আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে ইচ্ছা করে হলুদ কার্ড দেখেছিলেন সার্জিও রামোস। কিন্তু ইচ্ছা করে কার্ড দেখে ফেঁসে গেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
শেষ ষোলোর ফিরতি লেগ তো বটেই, সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও তিনি খেলতে পারবেন না। রামোসের অনুপস্থিতিতে ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন আয়াক্স কোচ এরিক টেন হাগ। সেটাই তারা কাজে লাগাতে চান।
আয়াক্সের মাঠে প্রথম লেগ ২-১ গোলে জিতেছে রিয়াল। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগ। ম্যাচের আগের দিন টেন হাগ সংবাদিকদের বলেছেন, ‘রামোসের না থাকাটা রিয়ালের জন্য বড় ধাক্কা। লুকা মডরিচ আর টনি ক্রুস মিডফিল্ডের বস, তবে রামোস ডিফেন্সের বস। তার না থাকাটা শারীরিক ও মানসিকভাবে দলকে দুর্বল করবে।’
‘অবশ্যই তারা এই মৌসুমে ট্রফি জিততে চায় এবং এটিই তাদের শেষ সুযোগ। শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগেই তারা কিছু জিততে পারে এবং এটি মাঠে তাদের মনোভাব পরিবর্তন করবে। আমাদের খেলোয়াড়দের উচ্চাকাঙ্ক্ষা থাকবে এবং তারা সব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য লড়াই করবে’- যোগ করেন আয়াক্স কোচ।
গত সপ্তাহে বার্সেলোনার কাছে হেরে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল। শনিবার তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে আরেকবার, এবার লা লিগায়। তাতে শীর্ষে থাকা বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকায় লিগ শিরোপা জয়ও রিয়ালের জন্য একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চার দিনের মধ্যে দুটি হারই আবার বার্নাব্যুতে।
আয়াক্স তাই আশায় থাকতেই পারে। রিয়ালের বিপক্ষে ডাচ ক্লাবটির সবশেষ জয়টিও যে বার্নাব্যুতেই। যদিও সেটা এখন থেকে দুই প্রায় যুগ আগে ১৯৯৫ সালে, ২-০ গোলে। তবে দুই দলের শেষ সাত দেখায় প্রতিবারই জয়ী দলের নাম রিয়াল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতে কেউ পরের রাউন্ডে যায়নি, এমন ঘটনাও নেই আগের আটবারে।
সব মিলিয়ে আজ এগিয়ে থাকবে রিয়ালই। তবে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স ও রামোসের অনুপস্থিতিতে অসম্ভব কিছুর আশায় আছে আয়াক্স। দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়।
একই সময়ে শুরু শেষ ষোলোর অন্য দ্বৈরথের ফিরতি লেগে সিগন্যাল এদুনা পার্কে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে টটেনহাম। ইংলিশ ক্লাবটি নিজেদের মাঠে প্রথম লেগ ৩-০ গোলে জিতে শেষ আটে এক পা দিয়ে রেখেছে বলা যায়।

