বিনোদন প্রতিবেদক : ‘আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ গানটি গেয়ে শ্রোতাপ্রিয়তা লাভ করেন কণ্ঠশিল্পী ইমন খান। দীর্ঘ বিরতির পর গত বছরের শেষের দিকে ‘ভুল মানুষের ঘর’ শিরোনামের গানে কণ্ঠ দেন তিনি। এ গানের সাফল্যের পর এবার গাইলেন ‘হইল না মন বান্ধা’ শিরোনামে নতুন একটি গান।
রিপন মাহমুদের কথায় গানটির সুর করেছেন ইমন খান। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটির ভিডিওতে মডেল হিসেবে আছেন আদর আহমেদ এবং সাফিসা নুপুর। এছাড়াও এতে ইমন খানকে দেখা যাবে।
গান প্রসঙ্গে ইমন খান বলেন, ‘গানের জগতে আমার শুরুটা হয়েছে স্কুল জীবনে। যখন ক্লাশ ফোর-ফাইভে পড়ি তখন থেকে। আমার এলাকার শহীদ বীরেন স্মৃতি সংগীত নিকেতনে শ্রী বিমল চন্দ্র দাস স্যারের কাছে আমার গানের হাতেখড়ি। তার কাছ থেকেই গান-বাজনা বিশেষ করে হারমোনিয়াম বাজানো শিখেছি। গান করি মানুষের জন্য। গান মানুষকে হাসায়-কাঁদায়, আনন্দ দেয়, নতুন স্বপ্ন বুনতেও অনুপ্রাণিত করে। সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গানটি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা শ্রোতারাই বলবেন। তবে আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
আগামী ৬ মার্চ ‘হইল না মন বান্ধা’ গানটি ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা যায়। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

