স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে কোহলির লড়াইটা বেশ জমেছিল। কখনো কোহলি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতেন, কখনো স্মিথ। অবশ্য একটা সময় স্মিথ অনেকদিন শীর্ষে ছিলেন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অজি অধিনায়ক। সে কারণে টেস্ট র্যাঙ্কিংয়ে নামতে নামতে তিনি এখন চতুর্থ স্থানে রয়েছেন। আর কোহলি প্রতাপের সঙ্গে শীর্ষে রয়েছেন।
তবে কোহলির শীর্ষস্থান হুমকির মুখে ঠেলে দিয়েছেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন। ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে ৮৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। অপরাজিত ডাবল সেঞ্চুরি করে ১৮ রেটিং পয়েন্ট পেয়েছেন। তাতে ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে কোহলিকে পেছনে ফেলার অপেক্ষায় আছেন। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে কোহলি আছেন শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো পারফরম্যান্স করতে পারলে শীর্ষে উঠে যাবেন তিনি। সেটা না পারলেও তৃতীয় টেস্টেও সুযোগ থাকবে তার সামনে। বিশ্বকাপের আগে ভারতের অবশ্য কোনো টেস্ট সিরিজ নেই।
অবশ্য ২০১৫ সালে অল্প কিছুদিনের জন্য উইলিয়ামসন টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন। এরপর গেল তিন বছরে আর সেই সুযোগ পাননি কোহলি আর স্মিথের জন্য। তবে এবার নিউজিল্যান্ডের দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট ছোঁয়ার কৃতিত্ব দেখিয়েছেন ব্লাক ক্যাপস অধিনায়ক। তার আগে রিচার্ড হ্যাডলি বোলিংয়ে ৯০৯ রেটিং পয়েন্ট তুলেছিলেন। উইলিয়ামসন অবশ্য রেটিং পয়েন্টের দিক দিয়ে হ্যাডলিকে ছাড়িয়ে গেছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো টম লাথাম ও জিৎ রাভালও। লাথাম ১৬১ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ১১তম অবস্থানে উঠে এসেছেন। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা রাভাল উঠে এসেছেন ৩৩তম স্থানে।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট রয়েছেন অষ্টম স্থানে। আর টিম সাউদি রয়েছেন নবম স্থানে। নেইল ওয়াগনার রয়েছেন ১১তম অবস্থানে।

