স্পোর্টস ডেস্ক : ফক্স ন্যাশনাল প্রিমিয়ার টি-টোয়েন্টির চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দশটি দলের একটি নিউ সাউথ ওয়েলসের সাদারল্যান্ড। এই দলটির কোচের ভূমিকায় থাকবেন চলতি মাসের শেষ দিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরতে যাওয়া স্টিভেন স্মিথ। যদিও তিনি এখনো কুনুই এর ইনজুরিতে ভুগছেন।
এ বিষয়ে সাদারল্যান্ডের ম্যানেজার টম আইসটন বলেছেন, ‘স্টিভেন স্মিথ আমাদের হয়ে খেলার সময়টা আমরা খুব মিস করি। সে বড় মাপের একজন তারকা। তবে অ্যাডিলেডে টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে আমাদের দলের কোচ হিসেবে পাওয়াটা হবে দারুণ কিছু। টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক অভিজ্ঞতা আছে তার। স্মিথের উপদেশ ও পরামর্শ আমাদের ছেলেদের জন্য খুবই উপকারী হবে। যখন আমি ছেলেদের বলেছি স্মিথ তোমাদের প্রশিক্ষণ দিবেন, তখন থেকেই তারা খুবই উজ্জীবিত। দলের অনেকেই চিনেন স্মিথ। তার উপস্থিতিতে দারুণ কিছু হবে।’
অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেও গেল ডিসেম্বরে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেছেন বাছাইপর্বে। সেন্ট জর্জের বিপক্ষে ৪২ রান করেছিলেন স্মিথ। সিডনি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বল ও ব্যাট হাতে ভালো করেছিলেন স্মিথ।
এই মাসের শেষের দিকে এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে স্মিথের। নিষেধাজ্ঞা শেষে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইট, অ্যাপস, ফেসবুক পেইজ ও ইউটিউবে। তার মধ্যে রয়েছে একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।
আজ সোমবার সন্ধ্যায় এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। ৫ মার্চ গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে উঠেবে। বুধবার সকালে হবে দুটি সেমিফাইনাল। আর স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল।

