ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ জন নিয়েও জিতল জুভেন্টাস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা জুভেন্টাস রোববার রাতে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির। উভয় দল দশজন নিয়ে খেললেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস।
এই জয়ের ফলে নাপোলির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৬ তে। তার মানে ১২ ম্যাচ হাতে রেখেই টানা অষ্টম শিরোপা জয়ের দিকে ছুটে চলছে তুরিনের ওল্ড লেডিরা। ২৬ ম্যাচের পূর্ণ ৭৮ পয়েন্ট থেকে জুভেন্টাস সংগ্রহ করেছে ৭২ পয়েন্ট। ৩টি ম্যাচ ড্র করলেও হার মানেনি একটিতেও। অন্যদিকে ২৬ ম্যাচ থেকে নাপোলির সংগ্রহ ৫৬ পয়েন্ট।
রোববার রাতে ম্যাচের ২৫ মিনিটেই দশজনের দলে পরিণত হয় নাপোলি। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাপোলির গোলরক্ষক আলেক্স ম্যারেট। দশজনের নাপোলির বিপক্ষে ম্যাচের ২৮ মিনিটে লিড নেয় জুভেন্টাস। এ সময় মিরালেম পিজানিক গোল করে এগিয়ে নেন সাদা-কালো জার্সিধারীদের। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমরি কেন। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদো-মানজুকিচরা।
বিরতির পর ফিরে এসেই লাল কার্ড দেখেন মিরালেম পিজানিক। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তাতে দশজনের দলে পরিণত হয় জুভেন্টাসও। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬১ মিনিটে ব্যবধান কমায় নাপোলি। এ সময় লরেঞ্জোর ক্রসে গোল করেন হোসে ক্যালেজন।
ম্যাচের ৮৩ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি পেয়েছিল নাপোলি। এ সময় ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন জুভেন্টাসের আলেক্স স্যান্দ্রো। ভিএআরের সহায়তা নিয়ে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। নাপোলি সুযোগ পায় সমতা ফেরানোর। কিন্তু লরেঞ্জোর নেওয়া শট বাম পাশের পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। তাতে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় নাপোলিকে।