নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেছেন, দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ সকল কাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে এবং সকলে স্বাধীনভাবে মত প্রকাশ করছে। সবাই অবাধে নির্বাচনী প্রচার চালাচ্ছে।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ভিন্ন মতাদর্শ একটি সমাজের সৌন্দর্য। এটি টিকে থাকতে পারে একমাত্র উদারনৈতিক, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজে। এরুপ সমাজে উগ্রতা, কট্টরবাদিতা, পরাজিত হয়, আর মানবিক ও উদার মূল্যবোধের বিকাশ ঘটে।
ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনোক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকবে বলে তিনি জানান।
উপাচার্য বলেন, নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা চাই।
নির্বাচনের সকল কর্মযজ্ঞ ত্রুটিমুক্ত ও নিখুঁত করার দাবি করা কঠিন, এ কথা উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, অনিচ্ছাকৃত বিভিন্ন ভুল-ত্রুটি হয়তো রয়েছে। তবে সংশ্লিষ্ট সবার পরিশ্রম ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, উল্লেখ করে সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যমণ্ডিত আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাক।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, চিফ রিটার্নিং অফিসার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকরা সিনেট ভবনে উপস্থিত ছিলেন।

