নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকার প্রয়োজন। তা হলে বৈশ্বিক এ সমস্যাকে প্রতিরোধ করা যাবে।
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কার্যালয়ে আয়োজিত ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিবাদ আজ দেশ-জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। এটি একটি বৈশ্বিক সমস্যা যা প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকারের প্রয়োজন।
রাজনৈতিক অঙ্গীকারের কারণে দ্রুত জঙ্গিবাদের বিস্তার প্রতিরোধ করা গেছে উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডান-বাম বা ধর্মীয়সহ কোনো উগ্রবাদই এদেশের মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে আজ উগ্রবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর গ্রামে, পাড়া-মহল্লায় সহিংস উগ্রবাদের বিরুদ্ধে যে ঐক্যমত তৈরি হয়েছে তা সম্ভব হয়েছে রাজনৈতিক পদক্ষেপ ও সামাজিক সচেতনতার কারণে। এভাবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার পাশাপাশি থাকলে আমরা সমাজ থেকে সহিংস উগ্রবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হবো।’

