নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আগামী মাস (এপ্রিল) থেকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তনের সূচনা শুরু হবে। শনিবার রাজধানীর নগর ভবনে তিনি এ তথ্য জানান।
এর আগে সড়কে শৃঙ্খলা ফেরাতে মেয়রের নেতৃত্বে গঠিত রাজধানীর যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেসন সংক্রান্ত সমন্বয় কমিটির সভা হয়।
মেয়র বলেন, ‘নতুন করে কোন বাসের রুটের অনুমোদন দেওয়া হবে না। তবে যদি বাস অনুমোদন সংক্রান্ত রোড ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) প্রয়োজন মনে করে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এপ্রিল থেকে কিছু রুটে এসি বাসসহ সুসজ্জিত কিছু উন্নতমানের বাস থাকবে। এপ্রিল থেকে রাজধানীতে ৬০০ নতুন বাস নামানো হচ্ছে।’
মেয়র বলেন, ‘খুব শিগগিরই রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় পরিবর্তন আনতে অটো সিগন্যাল ব্যবস্থা ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়। গতবছর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
দশ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনকে। কমিটিতে ডিএনসিসির প্যানেল মেয়রকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া অন্য সদস্যরা হলেন- বিআরটিএ চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন।

