নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, ‘মার্চ মাস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের মাস।’ শনিবার ‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মার্চ মাসের সূচনালগ্ন থেকে একের পর এক ঘটতে থাকে অনেক ঐতিহাসিক ঘটনা। এই মার্চ মাস থেকেই বাংলাদেশের সবকিছু পরিচালিত হতে থাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে। তাই নানা কারণে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসটি আরো তাৎপর্যপূর্ণ হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য।
বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষক শারমিন জাহান চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসঙ্গে ঐতিহাসিক এই বটতলায় সমবেত হয়ে ১৯৭১ সালের ২ মার্চে তৎকালীন ডাকসুর নেতৃবৃন্দ ও অন্যান্য যেসব ছাত্র নেতা বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন তাদের অবদানের কথাও স্মরণ করেন উপাচার্য।
আলোচনা পর্ব শেষে প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ ভট্টাচার্যের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত বিভাগের শিক্ষার্থীরা দেশের গান পরিবেশন করেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।

