আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর প্রধান ট্রেন স্টেশনে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন। বুধবার রামেস স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
ন্যাশনাল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রামেস স্টেশনে পাথরের গতিরোধকের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংঘর্ষের পরপর ট্রেনের তেলের ট্যাংকার বিস্ফোরিত হয় এবং প্ল্যাটফর্ম ও আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ২৪টিরও বেশি অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক গাড়ি।
মিনা ঘ্যালি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম এবং ট্রেনটিকে দ্রুত গতিতে একটি গতিরোধককে আঘাত করতে দেখলাম। প্রত্যেকেই দৌঁড়াতে শুরু করে। কিন্তু লোকোমোটিভ বিস্ফোরণের পর অনেক লোক মারা যায়।’
প্রসঙ্গত, মিশরে রেল নিরাপত্তা ব্যবস্থা একেবারেই নাজুক। অনেকেই এর জন্য সরকারি বিনিয়োগের অভাব ও দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেন। ২০১৭ সালের আগস্টে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪৩ জন নিহত হয়।

