নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল সিটি করপোরেশন কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির ওপর পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পর্যালোচনা সভায় মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সিটি করপোরেশন কর্তৃক চলমান বিভিন্ন প্রকল্প যথাসময়ে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। তবে অযৌক্তিকভাবে ও হঠাৎ করে কর, ফি প্রভৃতি বৃদ্ধি করা হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এ বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
সিটি করপোরেশন কর্তৃক চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত সমস্যা সম্পর্কে অবহিত হন এবং দিকনির্দেশনা দেন মন্ত্রী।
সভায় ৪৬টি প্রকল্পে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসবের মধ্যে ৩১টি চলমান প্রকল্প ও ১৫টি নতুন প্রকল্প।

