আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের দমনে কড়া অবস্থানে নিয়েছে ভারতীয় সেনবাহিনী। গত দুই রাতে অভিযানে ১৬০ জনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এদের অধিকাংশই জামাত-ই-ইসলামি দলের নেতাকর্মী বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর রাজ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪০ জোয়ান নিহত হয়। ভারতীয় কর্তৃপক্ষ এ ঘটনার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ ই মোহাম্মদকে দায়ী করেছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচ্ছিন্নতাবাদীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতভর অভিযান চালিয়ে জামাত ইসলামের ৬০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। এর আগের দিন গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নেতকর্মী।
তিনি বলেছেন, ‘কাশ্মীরে জামাত-ই-ইসলামের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। তারা ভারতবিরোধী বিক্ষোভ উস্কে দিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে তাদের গ্রেপ্তার এ ধরণের বিক্ষোভ কমিয়ে আনবে।’
ভারতীয় কর্তৃপক্ষ জামাত-ই-মুজাহিদিনের যোদ্ধাদের গ্রেপ্তার করছে। কারণ এই দলটি ১৪ ফেব্রুয়ারি হামলার সমর্থক এবং জইশের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।

