স্পোর্টস ডেস্ক : পঞ্চম দিনে গড়িয়েছে অ্যাডিলেড টেস্ট। ভারতের ছুঁড়ে দেওয়া ৩২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। শেষ দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন ২১৯ রান। ভারতের প্রয়োজন ৬ উইকেট। ক্রিজে আছেন শন মার্শ (৩১) ও ত্রাভিস হেড (১১)। তারা দুজন শেষ দিনে ব্যাট করতে নামবেন।
নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এই টেস্টের লাগাম এখন ভারতের হাতে। তারা জয়ের স্বপ্ন দেখতেই পারে। কারণ, অস্ট্রেলিয়ার টপ অর্ডারের চার চারজন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। টেস্টের পঞ্চম দিনে মিডল অর্ডার ও টেল এন্ডারদের নিয়ে এই টেস্ট অস্ট্রেলিয়া জিতে যাবে সেটার পক্ষে হয়তো বাজি ধরার লোক খুঁজে না-ও পাওয়া যেতে পারে। তবে আশা জাগাচ্ছে মার্শ ও হেড। আগের ইনিংসে ত্রাভিস হেড একাই বুক চিতিয়ে লড়াই করেছিলেন। এবার তার সঙ্গে আছেন শন মার্শ। এরপর আছেন অধিনায়ক টিম পেইন। মূলত এই তিনজন অস্ট্রেলিয়াকে শেষ দিনে কতদূর টেনে নিয়ে যেতে পারেন দেখার বিষয়।
অস্ট্রেলিয়া আজ হারিয়েছে অ্যারোন ফিঞ্চ (১১), হারিস (২৬), উসমান খাজা (৮) ও পিটার হ্যান্ডসকমের (১৪) উইকেট। বল হাতে ভারতের মোহাম্মদ সামি ও রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে তৃতীয় দিন শেষ করা ভারত আজ রোববার চতুর্থ দিনে ব্যাট করতে নামে। আগের দিন অপরাজিত থাকা চেতেশ্বর পূজারা (৪০) ও আজিঙ্কা রাহানে (১) আজ আবার ব্যাট করতে নামেন। চতুর্থ উইকেটে তারা দুজন ৮৭ রান তোলেন। দলীয় ২৩৪ রানে পূজারাকে ফেরান লায়ন। ৭১টি রান করেন পূজারা। ২৪৮ রানের মাথায় রোহিত শর্মাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন লায়ন। এরপর একে একে তিনি রিশাব পন্ত (২৮), আজিঙ্কা রাহানে (৭০) ও মোহাম্মদ সামিকে (০) আউট করেন। তার সঙ্গে মিচেল স্টার্ক ফেরান অশ্বিন ও ইশান্ত শর্মাকে। তাতে ৩০৭ রানে গুটিয়ে যায় ভারত। ভারত আগের ইনিংসে ১৫ রানের লিড পাওয়ায় অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩২৩ রান।
এই ইনিংসে বল হাতে অস্ট্রেলিয়ার নাথান লায়ন ৬টি উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ১টি উইকেট নিয়েছেন জস হাজলেউড।

