স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সব রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি এমন কথা বহু আগে থেকেই প্রচলিত ছিল।
টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবেন না এমন কথাও বলতেন কেবল কোহলি বিদ্বেষীরা। তবে দিনকে দিন কোহলি যেভাবে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সেভাবে চলতে থাকলে হয়ত এমন আর একজন কোহলি বিদ্বেষীও খুঁজে পাওয়া যাবে না!
টেন্ডুলকারের একাধিক রেকর্ড ভেঙেছেন কোহলি। টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন একাধিক কীর্তি গড়ে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে এমনই এক কীর্তি গড়লেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাজার রান পূর্ণ করেছেন কোহলি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে কম ম্যাচ খেলে কোহলি হাজার রান ছাড়িয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ২০ টেস্টে ১৮০৯ রান করা টেন্ডুলকার হাজার রান ছুঁয়েছিলেন ১২ টেস্টে। সেখানে কোহলি নিজের নবম টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে চার অঙ্ক ছুঁয়েছেন।
চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় হাজার রান পূর্ণ করেছেন কোহলি। টেন্ডুলকার ও কোহলি বাদে এ কীর্তি গড়েছেন রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্ণণ। লক্ষ্ণণ ১০ টেস্টে এবং দ্রাবিড় ১৩ টেস্টে হাজার রান পেয়েছিলেন।
৯৯২ রান নিয়ে অ্যাডিলেড টেস্ট শুরু করেছিলেন কোহলি। প্রথম ইনিংসে ৩ রানের বেশি করতে পারেননি। পয়েন্টে উসমান খাজার অসাধারণ ক্যাচে পরিণত হন ভারতের অধিনায়ক। দ্বিতীয় ইনিসে তৃতীয় দিনের চা-বিরতির পর হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছান টেস্টের সেরা ব্যাটসম্যান।
রাহুল দাব্রিড় ১৬ টেস্টে ১১৬৬ রান, লক্ষ্ণণ ১৫ টেস্টে ১২৩৬ রান করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে। এ দুই তারকাসহ অস্ট্রেলিয়ার মাটিতে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া কোহলির সময়ের ব্যাপার মাত্র।
অধিনায়ক হিসেবে একমাত্র ক্লাইভ লয়েড অস্ট্রেলিয়ার মাটিতে ১৩০১ রান করেছেন। কোহলির সুযোগ আছে অধিনায়ক হিসেবে এ কীর্তি গড়ার।

