আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবেইর।
তিনি বলেছেন, খাশোগিকে হত্যা একটি ‘দুর্ভাগ্যজনক ঘটনা’। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা কিংবা ভবিষ্যতে তিনি বাদশাহ হতে পারবেন না- এ ধরনের আলোচনা খুবই জঘন্য।
বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
বিবিসিকে তিনি বলেন, ‘আমরা এমন কোনো বক্তব্য সহ্য করব না যা আমাদের বাদশাহ কিংবা যুবরাজকে ছোট করে।’
আরেকটি টেলিভিশনে আবদেল আল-জুবেইর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদন সত্ত্বেও যুবরাজ সালমানের পক্ষাবলম্বন করেন। সিআইএ’র ওই প্রতিবেদনে বলা হয়, ‘খাশোগি হত্যার আদেশ যে যুবরাজ সালমান দিয়েছেন তার প্রবল সম্ভাবনা রয়েছে।’
যুক্তরাষ্ট্রের সিএনবিসি টেলিভিশনকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এটি স্পষ্ট করে বলেছি যে, খাশোগি হত্যায় সৌদি সরকার জড়িত নয় এবং যুবরাজ কোনোভাবেই এর সঙ্গে জড়িত নন।’
চলতি সপ্তাহে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলে যে, সৌদি একটি সূত্র জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ (৮২) মারা যাওয়ার পর তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাদশাহ হওয়ার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আবদেল আল-জুবেইর বলেন, ‘এসব জঘন্য মন্তব্য করা হচ্ছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। সৌদি আরব তাদের নেতৃত্বের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’
তিনি সংবাদমাধ্যম সিএসবিকে বলেন, ‘সৌদি বাদশাহ ও সকল নাগরিকের আস্থা রয়েছে যুবরাজ সালমানের ওপর। সৌদি আরবে সংস্কার ও ভিশন ২০৩০ এর রূপকার হলেন যুবরাজ এবং তিনি এর পেছনের চালিকা শক্তি।’

