স্পোর্টস ডেস্ক : আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে চারজন পেসার খেলানোর আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
শুক্রবার মিরপুরে এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় নিয়ে জাতীয় দলে চারজন পেসার রাখতেই হবে। অবশ্য চূড়ান্ত দল গঠনের আগে উইকেট ও অন্যান্য অবস্থাও বিবেচনায় রাখতে হবে।’
বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দলে পেসার ও অলরাউন্ডার-সহ দশজনের বেশি ক্রিকেটার আছেন। দীর্ঘ এই বহরের নেতৃত্ব অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতেই থাকবে। তবে তিনি ছাড়ও থাকছেন রুবেল হোসেন, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, মুক্তার আলি, তাসকিন আহমেদ, মোহাম্মদ শহীদ, সৌম্য সরকার ও আবুল হাসান।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারির মধ্যে বিশ্বকাপগামী দলগুলোকে চূড়ান্ত একাদশ ঘোষণা করতে হবে। তবে টাইগার ক্রিকেটপ্রেমীদের ততোদিন নাকি অপেক্ষায় রাখবে না বিসিবি। দল ঘোষণা আসতে পারে চার কিংবা পাঁচ তারিখের মধ্যেই।

