আন্তর্জাতিক ডেস্ক : ইয়েনেমের হুতি বিদ্রোহীরা দাবি করেছেন, তারা আবুধাবির একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছ। দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে গত তিন বছরেরও বেশি সময় ধরে যে ভয়াবহ আগ্রাসন চলছে তাতে আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
হুতিদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার ‘সামাদ-৩’ ড্রোন দিয়ে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইয়েমেনের বিমানবাহিনীর মুখপাত্র আব্দুল্লাহ আল-জাফরি বলেছেন, ড্রোন হামলার ফলে আবুধাবি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। এই প্রথম ড্রোন ব্যবহার করে ওই বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে তিনি জানান। আল-জাফরি বলেন, যেসব দেশ সৌদি আরবের সঙ্গে যোগ দিয়ে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এখন থেকে তাদের অবকাঠামোতে আঘাত হানা হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আবুধাবি বিমানবন্দরের টার্মিনাল-১ এলাকার একটি সরবরাহ যানে বৃহস্পতিবার বিকাল ৪টায় হামলা হয়েছে। আরব আমিরাতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি।

