বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন লাক্স তারকা অভিনেত্রী তানিন তানহা। গত ২৩ জুন বিকেলে বেড়িবাঁধ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ সময় তানিন নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে তানিন তানহার সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন । এ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বেড়িবাঁধ হয়ে উত্তরায় যাচ্ছিলাম মোটরসাইকেলের কাগজ আনতে। বেড়িবাঁধের সড়কে কখনো ওভারটেক করতে গেলে যে কোনো সময় বিপরীত দিক থেকে গাড়ি চলে আসতে পারে। আমার সামনের গাড়ি ওভারটেক করে দেখি এক লোক সাইকেল চালিয়ে যাচ্ছে আর ফোনে কথা বলছে। আমি অনেক হর্ণ দেয়ার পরও লোকটি শোনেনি এবং সাইটও দেয়নি। এদিকে আমার বাইকের গতিও প্রায় ফিফটির মতো ছিল। সর্বশেষ উপায়ান্তর না দেখে হার্ড ব্রেক করি। এদিকে বৃষ্টির কারণে রাস্তা ভেজা ছিল। তারপর বাইক নিয়ে পড়ে যাই।’
তিনি আরো বলেন, ‘বাঁ পাশের হাত-পায়ে ব্যথা পেয়েছি। বাঁ হাতে ফ্র্যাকচার হয়েছে। পায়ের অনেক অংশ ছুলে গেছে। এখনো প্রচন্ড ব্যথা হচ্ছে। চিকিৎসক দেখিয়েছি। ওষুধ দিয়েছেন। প্রতিদিন ড্রেসিং করতে হচ্ছে। অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। এখন বাসায়ই বিশ্রাম নিচ্ছি।’
২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন তানিন তানহা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর ‘লাইফ ইন মেট্টো’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।

