আন্তর্জাতিক ডেস্ক : হনুমানকে বিশ্বের প্রথম আদিবাসী নেতা বলে মন্তব্য করেছেন ভারতের বিজেপির একজন সাংসদ। জ্ঞান দেব আহুজা নামের ওই সাংসদের দাবি, ‘বিশ্বের প্রথম আদিবাসী নেতা ও দেবতা ছিলেন হনুমান। রাম যখন চিত্রকুট থেকে দাক্ষিণাত্যে নির্বাসনে যাচ্ছিলেন, তখন হনুমান আদিবাসীদের নিয়ে সেনাবাহিনী গঠন করে এবং রামের কাছ থেকে প্রশিক্ষণ নেয়।’
শুক্রবার রাজস্থানের রামগড়ে নিজ দলের অফিসে জ্ঞান দেব আহুজা এ মন্তব্য করেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
পত্রিকাটি এক প্রতিবেদনে বলছে, ২ এপ্রিলের ভারত বন্ধ আন্দোলনের একটি ভিডিওতে জ্ঞান দেব দেখতে পান, ড. ভিম রাও আম্বেদকারের মূর্তির নিচে হনুমানের একটি ছবি পড়ে আছে। এ ঘটনায় তিনি রাজস্থানের সাংসদ কিরোদী লাল মীনাকে তার কাছে ডেকে পাঠান। এ সময় তিনি তাকে বলেন, ‘আপনাদের সকলের লজ্জা পাওয়া উচিত। আপনারা নিজেদের উপজাতি বলেন অথচ আপনারা তাকেই (হনিুমান) অসম্মান করলেন।’
হিন্দুস্তান টাইমসকেও একই কথার পুনরাবৃত্তি করে জ্ঞান দেব বলেন, ‘এইসব লোকজন নিজেদের আদিবাসী বলে পরিচয় দেয়। এমনকি যদি তারা ড. ভিম রাও আম্বেদকারকে তাদের দেবতা বলে গণ্য করে, তবে আমি বলব, বিশ্বের সত্যিকারের প্রথম আদিবাসী নেতা হনুমান। তিনিই প্রথম দলিতদের প্রশিক্ষণ দিয়েছেন।’
তার দাবি, হনুমানের ৪০ লাখ মন্দির রয়েছে, যা অন্য যে কোনো দেবতার তুলনায় বেশি। তবে আহুজার এমন মন্তব্য চটেছেন সাংসদ কিরোদী লাল মীনা। তিনি বলেন, হনুমানের যুগে কোনো রাজনীতি ছিল না। আহুজাকে এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত।
তিনি আরও বলেন, হনুমানকে অসম্মান করা হয়েছে শুনেছি। এটা যদি হয়ে থাকে তাহলে ঠিক হয়নি। কিন্তু তার জন্য এখানে আদিবাসীদের কথা কেন আসছে?
প্রসঙ্গত, হনুমান হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি রামের একনিষ্ঠ ভক্ত। হিন্দু পুরাণে হনুমানকে বিশেষ স্থান দেয়া হয়েছে। রামায়ণ বর্ণিত হনুমান পবননন্দন হিসেবে হিন্দুদের নিকট পূজনীয়। রামায়ণের মূল চরিত্র রাম যাকে হিন্দুরা ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দাবি করেন তার অনুগত চরিত্র হিসেবে পাওয়া যায় এই হনুমানকে।

