স্পোর্টস ডেস্ক : তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরেছেন ব্যাটসম্যান ডেভন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন এই হোম সিরিজের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাহমার হ্যামিল্টনও।
৬ জুন থেকে শুরু হয়ে যাওয়া সিরিজের জন্য শুক্রবার মাত্র ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে খেলা ওয়েস্ট ইন্ডিজের সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার- ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিস, জার্মেইন ব্ল্যাকউড, অলরাউন্ডার রেমন্ড রেইফার ও ফাস্ট বোলার আলজারি জোসেফ।
৩৬ বছর বয়সি স্মিথ সবশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালের এপ্রিলে ইংল্যান্ড সফরে। ২০১৭-১৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক চার দিনের টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সে আবার তিনি টেস্ট দলে ফিরলেন। ওই টুর্নামেন্টে ১০ ম্যাচে চার সেঞ্চুরিতে ৮৪.২৩ গড়ে ১০৯৫ রান করেন স্মিথ।
২৭ বছর বয়সি হ্যামিল্টন গত ফেব্রুয়ারি-মার্চে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে হোম সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন। দুটি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ছিল ১০০, ২৯ ও ৭৯। ওয়েস্ট ইন্ডিজ দলে দুই উইকেটরক্ষকের একজন তিনি, অন্যজন শেন ডোরিচ।
এই সিরিজে দুই দলের তিনটি টেস্ট খেলার কথা। যার একটি দিবারাত্রির। গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, একটি টেস্ট কমিয়ে সীমিত ওভারের ম্যাচ করা হতে পারে। শুক্রবার দল ঘোষণার দিনে অবশ্য তিনটি টেস্টের কথাই উল্লেখ করেছে সিডব্লিউআই।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, ডেভন স্মিথ।

