বিনোদন ডেস্ক : অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। খুব বেশিদিন হয়নি বলিউডে পা রেখেছেন। আগামী ১ জুন মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় সিনেমা ভবেশ জোশি। একই দিনে মুক্তি পাচ্ছে অনিল কন্যা সোনম কাপুরের বীরে ডি ওয়েডিং সিনেমাটি। ফলে বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ভাই-বোন।
ভবেশ জোশি সিনেমাটি মুক্তির কথা ছিল ২৫ মে। কিন্তু মুক্তির তারিখ পরিবর্তন করে এখন ১ জুন করেছেন নির্মাতারা। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির একটি নতুন পোস্টার পোস্ট করে নিজেই এ তথ্য জানান হর্ষবর্ধন কাপুর। এরপর থেকেই আলোচনায় ভাই-বোনের বক্স অফিসে লড়াইয়ের বিষয়টি।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন হর্ষবর্ধন। এই সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সিনেমা দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। সিনেমা দুটির জন্য এই তারিখ খুবই ভালো কারণ ভারতের সবচেয়ে জমজমাট ক্রিকেট আসর শেষ হওয়ার পর এটিই প্রথম সপ্তাহ। এরপরে আরো একটি বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সোনম, রিয়া, বাবা ও আমি একই সঙ্গে সিনেমা মুক্তি নিয়ে খুবই শিহরিত কারণ ১ জুন আমাদের আনন্দের দিন হতে চলেছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এটিকে লড়াই হিসেবে দেখছি না, বরং একটি বড় সুযোগ হিসেবে দেখছি। বাবাসহ অর্জুন কাপুর, জানভি কাপুর ও আমার অন্যান্য ভাই-বোনেরা সিনেমায় কাজ করেন। তাই ভবিষ্যতে তাদের সঙ্গেও একই দিনে সিনেমা মুক্তির ঘটনা ঘটতে পারে। ইন্ডাস্ট্রির সবাই বক্স অফিস লড়াই হিসেবে অ্যাখ্যায়িত করলেও ১ জুন আমাদের পরিবারের জন্য একটি স্মরণীয় দিন হতে যাচ্ছে।’
ভবেশ জোশি সিনেমাটি পরিচালনা করেছেন লুটেরা সিনেমাখ্যাত নির্মাতা বিক্রমাদিত্য মতওয়ানি। এতে হর্ষবর্ধনকে ভিন্নধর্মী সুপারহিরো চরিত্রে দেখা যাবে। অন্যদিকে বীরে ডি ওয়েডিং সিনেমাটি প্রযোজনা করেছেন সোনমের বোন রিয়া কাপুর। এতে সোনম ছাড়াও আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান, স্বারা ভাস্কর, শিখা তালসানিয়া, সুমীত ব্যাস। এটি পরিচালনা করেছেন শশাংক ঘোষ।

