স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোনো বাধা নেই শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং পেসার সুরঙ্গা লাকমালের। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় তাদের দুজনকে নিয়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবে শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনো টেস্ট সিরিজ জেতেনি শ্রীলঙ্কা। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
স্কোয়াডে রাখা হয়েছিল ম্যাথুস ও লাকমালকে। কিন্তু বলা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে হলে তাদেরকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। অবশেষে ফিটনেস টেস্টে পাস করায় তাদের নেওয়া হচ্ছে সফরে।
সবশেষ বাংলাদেশ সফরে খেলতে পারেননি ম্যাথুস। হ্যামস্ট্রিং চোটের কারণে সফরের আগে ছিটকে যান এ অলরাউন্ডার। পাশাপাশি নিদাহাস ট্রফিতেও খেলা হয়নি তার। ৩০ বছর বয়সি এ ক্রিকেটার দলে ফিরছেন চার মাস পর। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছিলেন লাকমাল। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ডানহাতি পেসার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। প্রথমবারের মতো ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে হবে ডে-নাইট টেস্ট। ম্যাচটি হবে বার্বাডোজে। এর আগে ৬ জুন ত্রিনিদাদ এন্ড টোবাগোতে হবে প্রথম টেস্ট। ১৪ জুন দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়াতে। বার্বাডোজে তৃতীয় টেস্ট শুরু হবে ২৩ জুন।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিনেশ চান্দিমাল, মাহেলা উদাওয়াত্তে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশন সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, রঙ্গনা হেরাথ, দিলরুওয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভান্ডারসে, লাহিরু গামাগে, কশন রাজিথা, সুরঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো।

