আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিমানের সাহায্যে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে গাজার উত্তর ও পশ্চিম অংশে জঙ্গিবিমান থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। গাজায় ভবন, অবকাঠামো এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের সেনাদের বরাত দিয়ে হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর সিদেরত শহরে গাজা ভূখণ্ড থেকে গুলি চালানোর জবাবে ইসরায়েল এই হামলা চালিয়েছে। গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি তবে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার প্রতিরোধ সংগ্রামীদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি।
সোমবার তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভে গাজায় ইসরায়েলে হামলায় মঙ্গলবার পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৬০ ছাড়িয়েছে। ২০১৪ সালের পর এক দিনে এত ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা এই প্রথম।
ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, সহিংসতায় নিহত হওয়ার পাশাপাশি ২ হাজার ৭০০ জন আহত হয়েছেন। গত ডিসেম্বর থেকেই গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে।
২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। এর ফলে গাজা কার্যত বিশ্বের সর্ববৃহৎ জেলখানায় পরিণত হয়েছে।

