নিজস্ব প্রতিবেদক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দুই দিনের সরকারি সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার সকাল ৯টা ২০মিনিটে ফাস্ট লেডি ইরিয়ানা জোকোসহ সফরসঙ্গী পঞ্চাশ সদস্যের দল নিয়ে ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে ঢাকা ত্যাগ করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রেসিডেন্ট জোকো উইদোদো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে শনিবার বিকেলে ঢাকায় আসেন।
সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে তিনি রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের বর্ণনা শোনেন।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উইদোদোর সফরকালে বাণিজ্য, কূটনীতি, মৎস্য ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বৈঠক শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উইদোদো গতকাল রোববার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

