নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, দেশের ৫৪ শতাংশ খাবারই অনিরাপদ ও ভেজাল। শনিবার জাতীয় প্রেসকাবে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আমাদের দেশ চাল, মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনে এখন শীর্ষে। কিন্তু সেই খাবারগুলো স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ তা নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর ফুডকে আমি শুভেচ্ছা জানাই। বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে খাদ্য সচেতন করতে আমি সবসময় এই সংগঠনের পাশে থাকব।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, যে জাতি সংগ্রাম করে স্বাধীনতা আনতে পারে সে জাতি অবশ্যই দেশের খাদ্যকে ভেজালমুক্ত করতে পারবে।
শফিউল ইসলাম জানান, মাত্র ১০ বছরের ব্যবধানে বাংলাদেশে ডায়াবেটিস রোগির সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। অন্যদিকে রোগির সংখ্যা ৯০ লাখেরও বেশি। এর মধ্যে শুধু ডায়াবেটিস নয় অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে বেড়েই চলেছে বিভিন্ন রোগ ও রোগির সংখ্যা।
তিনি বলেন, ভেজাল খাবারের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। দিন দিন শিশুদের বিভিন্ন রোগের প্রবণতা বাড়ছে। তাই সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের নিরলস কাজ করতে হবে।
তিনি জানান, পানিসহ সব খাবার নিরাপদ রাখার জন্য আমরা ঢাকা ওয়াসা ও সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। আশা করছি সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুড সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল হক, কৃষিবিশেষজ্ঞ জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএআরএস বিভাগের অধ্যক্ষ ড. লতিফুল বারী প্রমুখ।

